রামেকের জরুরি বিভাগের ওটিতে ‘মানসিক ভারসাম্যহীন’ ভুয়া চিকিৎসক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সামিউর রহমান (২৭) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। সামিউর রাজশাহী নগরীর উপর ভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে। পরে নগরীর রাজপাড়া থানায় প্রতারণার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল এফ এম শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সে আমাদের ইমার্জেন্সি বিভাগের ওটিতে ছিল। এসময় দায়িত্বরতদের তার কথা-বার্তায় সন্দেহ মনে হয়। পরে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সম্ভবত তিনি মানসিক ভারসাম্যহীন। তাকে মানসিক চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সামিউর আগে সরকারি ডেন্টাল আইএইচটির শিক্ষার্থী ছিল বলে জানতে পেরেছি। যার জন্য হাসপাতালে তার আগেও আনাগোনা ছিল। কিন্তু চিকিৎসক হিসেবে কখনও পরিচয় দেননি। প্রথমবার পরিচয় দিতে এসেই ধরা পড়ে গেছে।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে আনে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।