রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যা থেকে মোদির ক্ষমতাযাত্রা শুরু

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের মূল মূর্তিটি স্থাপন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এর আগেই অযোধ্যায় কয়েকটি মেগা প্রকল্প উদ্বোধন করতে ১৫ কিলোমিটারের রোড শো-তে নেমেছেন তিনি।  

শনিবারের এই রোড শো দিয়েই মূলত আগামী বছর হতে যাওয়া লোকসভা নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় যাওয়ার যাত্রা শুরু করলেন মোদি।  

হিন্দু ধর্মের দেবতা বিষ্ণুর সপ্তম অবতার রামের জন্মভূমি হিসেবে পরিচিত অযোধ্যা। এই অযোধ্যার জন্য ১৫ হাজার ৭০০ কোটি রুপির প্রকল্প উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে রামকীর্তিময় রামায়ণের রচয়িতার নামে 'মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর’ এবং ২৪০ কোটি রুপি ব্যয়ে নির্মিত রেলস্টেশন ‘অযোধ্যা ধাম’। স্টেশনটির ডিজাইনও করা হয়েছে মন্দিরের আদলে। এই স্টেশন থেকে ছয়টি ‘বন্দে ভারত’ এবং দু’টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধনও করেছেন মোদি।

২০২৪ সালে ভারতে জাতীয় অর্থাৎ লোকসভা নির্বাচন। হিন্দত্ববাদ ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে থাকা বিজেপির প্রধান পুঁজি। সমালোচকরা বলছে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে রামমন্দির। দেশটির রাজনৈতিক মহলের মতে মেরুকরণের লক্ষ্যেই রামমন্দিরকে সামনে রেখে এখন থেকেই দেশজুড়ে প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি। যার অগ্রভাগে আছেন স্বয়ং মোদি।   

বিজেপি ধর্মের পবিত্রজনকে রাজনীতিতে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি মোদিকে কটাক্ষ করে বলেছেন, ‘ এখন ভগবান রামকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করাই বাকী রেখেছে বিজেপি।’

রাম মন্দির নিয়ে বিজেপির এই মেরুকরণের চেষ্টাকে সমালোচনা করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন,‘আমরা রামকে হৃদয়ে পুজা করি। কিন্তু বিজেপি তাকে ইলেকশন এজেন্ট বানিয়ে ধর্মের রাজনীতিতে কাজে লাগাতে চাইছে।’