রাজবাড়ীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসট্যান্ড থেকে ৭ হাজার ৮৩০ পিচ ইয়াবাসহ আবুল কালাম (৩৭) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। এসময় তার সহযোগী রিজভী চৌধুরীকে (২০) আটক করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) ফরিদপুর র‍্যাব-১০ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক আবুল কালাম বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১ এর মৃত বশির আহম্মেদের ছেলে। এদিকে রফিকুল ইসলাম রিজভী কক্সবাজার রামু উপজেলার মাহমুদুল হকের ছেলে।
 
র‍্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া বাসট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়েছে। যার বাজার মূল্য চব্বিশ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।