আফগান দলে 'শাস্তি পাওয়া' নাভিন ও ফারুকি

কেন্দ্রীয় চুক্তি বাদ দিয়ে বিদেশি লিগ খেলাকে বেশি প্রাধান্য দিতে চেয়ে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের তিন তারকা- নাভিন উল হক, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান। তবে শাস্তি পাওয়ার পর মনোভাব বদলে গেছে নাভিন ও ফরুকির। দেশের হয়ে খেলার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করায় এই দুই পেসারকে রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। গতকাল প্রথমটিতে মাঠেও নেমেছিলেন তারা দুজন।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো নাভিন, ফারুকি ও মুজিব ২০২৪ সালে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিতে চেয়েছিলেন। পরে বিষয়টি খতিয়ে দেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারা কারণ হিসেবে খুঁজে পায় বাণিজ্যিক লিগ খেলাকেই প্রাধান্য দেওয়া।

এরপর এই তিন ক্রিকেটারকে কোনো লিগে খেলার অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় এসিবি। পাশাপাশি, বর্তমানে কোনো অনাপত্তিপত্র থাকলে সেটিও বাতিল করা হয়। এরপর নাভিন ও ফারুকিকে রাখা হলো দলে।

দলে সুযোগ পাওয়ায় শুক্রবার প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের ৭২ রানের জয়ে অবদান রাখেন এই দুজনই। ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন ফারুকি, ২৫ রান দিয়ে ১টি নেন নাভিন।