মুন্সীগঞ্জে নৌকার মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামলা

মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) ক্যাম্পে হামলা করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। এসময় ক্যাম্পে ভাঙচুর ও তার এক সমর্থককে মারধর করা হয়। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে শহরের জগদ্বাত্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মিজানুর রহমান জানান, বিকেলে শহরের জগদ্বাত্রী পাড়া এলাকার বঙ্গবন্ধু সড়কের পাশে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে তিনিসহ বেশ কয়েকজন সমর্থক বসে ছিলেন। ক্যাম্পে সাউন্ড বক্সে কাঁচি প্রতীকের গান চলছিলো। এসময় শহরের থানারপুল এলাকা থেকে নৌকার মিছিল নিয়ে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা তাদের ক্যাম্পের দিকে। এসময় তারা ‘নৌকা নৌকা নৌকা’ দিতে থাকে। এক পর্যায়ে তারা মিছিল থেকে আমাদের ক্যাম্পে ঢুকে সাউন্ড বক্স, ককসিটের বানানো কাঁচি প্রতীক, চেয়ার ভাঙচুর করে। তাদের বাধা দিলে তাকে বেধড়ক মারধর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।