চমেকে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। চমেক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান।

বক্তৃতায় প্রধান অতিথি বলেন, "সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্মূল করতে হবে।" আগামী ১৯ থেকে ২৫ জানুয়ারি সারা দেশে সকল সরকারি সেবাকেন্দ্রে 'জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ' পালনের জন্য নির্দেশও দেন প্রধান অতিথি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির (২য় সংশোধিত) আওতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ.কে.এম. নূরুন্নবী কবির, যুগ্মসচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুস সালাম খান, বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, বিএসএমএমইউর ফিটোমের্টানাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তাবাসছুম পারভীন, বিএসএমএমইউর ফিটোমের্টানাল বিভাগের অধ্যাপক ডা. নাহরীন আখতার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ- সার্ভিসেস) ডা. মো. মুনীরুজ্জামান সিদ্দীকী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ) ডা. মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন, চট্টগ্রামের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক গোলাম মো. আজম প্রমুখ।