এই দিনে

বিশিষ্ট বামপন্থি রাজনীতিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান নেতা মণি সিংহের জন্ম ময়মনসিংহে ১৯০১ সালের ২৮ জুন। গ্রামে প্রাথমিক শিক্ষা শেষে তিনি কলকাতায় যান। কলকাতায় ১৯১৪ সালে তিনি প্রথমে সশস্ত্র বিপ্লবী গোষ্ঠী অনুশীলন দলে এবং পরে ১৯২৫ সালে ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৩০ সালে তিনি গ্রেপ্তার হন। ১৯৩৭ সালে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকায় ফিরে আসেন এবং কৃষকদের সংগঠিত করে ‘টঙ্ক প্রথা’র বিরুদ্ধে কৃষক আন্দোলন পরিচালনা করেন। দেশভাগের পর তিনি পূর্ববাংলায় কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে টঙ্ক আন্দোলন সশস্ত্র রূপ পরিগ্রহ করলে পাকিস্তান সরকার ১৯৫১ সালে টঙ্কপ্রথা বাতিল ও হুলিয়া জারি করে তার সব সম্পত্তি ক্রোক করে নেয়। ১৯৫১ সালে তিনি কমিউনিস্ট পার্টির সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৪ সালে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়। ১৯৫৬ সালে গোপনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আবার সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৭ সালে গ্রেপ্তার হন। ১৯৭১ সালে রাজশাহী কারাগার থেকে বেরিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পক্ষে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেন। ‘জীবনসংগ্রাম’ তার প্রকাশিত গ্রন্থ। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।