‘উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ’ শিরোনামে ৫ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ২০২৩’-এ অংশ নিয়ে বিজয়ী হন দশ তরুণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে পুরস্কার হিসেবে নির্মাতারা জেতেন নগদ অর্থ, সার্টিফিকেট এবং ক্রেস্ট। সঙ্গে জেতেন বিমান টিকিটও। এই আয়োজনে পাঁচ মিনিটের চলচ্চিত্র নির্মাণ করে ১ম স্থান অধিকার করেন ‘আমাদের কেউ একজন আছেন’-এর নির্মাতা ইশতিয়াক আহমেদ।
শুক্রবার সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও জুরি কমিটির সদ্যস্য মসিহ্উদ্দিন শাকের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।