জাতীয় পার্টির ২ প্রার্থীর বিরুদ্ধে ৮ প্রতিদ্বন্দ্বীর অভিযোগ

দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) ও ৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের মহাজোটের তথা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দুই সংসদ সদস্য ও প্রার্থীর বিরুদ্ধে উক্ত দুটি আসনের আটজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের বরাবরে লিখিত এ অভিযোগ দেওয়া হয়।

অভিযুক্ত প্রার্থীরা হলেন নীলফামারী-৩ আসনের লাঙ্গল প্রাতীকের প্রার্থী সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল।

অভিযোগে বলা হয়, নীলফামারী-৩ ও ৪ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থীরা প্রকাশ্যে ও বিভিন্ন মাধ্যমে ভোট গ্রহণের আগেই নিজেদের আগাম সংসদ সদস্য হিসাবে ‘বিজয়ী’ ঘোষণা করছেন। যার ফলে অভিযোগকারী আমরা প্রার্থী ও সাধারণ ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেন নীলফামারী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা, সাদ্দাম হোসেন পাভেল, হুকুম আলী খান, কাজী ফারুক কাদের, বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর ও গণতন্ত্রী পার্টির মোজাম্মেল হক এবং নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ও জাসদ প্রার্থী আজিজুল হক।

তবে, সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল বলেন, ‘বিজয়ী’ হওয়ার কথা আমি কখনো বলি নাই। অপরদিকে, সংসদ সদস্য আদেলুর রহমানের মুঠোফোনে কল দিলেও তিনি বারবার ফোন কেটে দেন।