লিফলেট ফটোকপি করে একাই প্রচারে স্বতন্ত্র প্রার্থী

দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে জমে উঠেছে নৌকা, লাঙ্গল, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীর প্রচার। গণসংযোগ, মাইকিং, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে ব্যস্ত সময় করছেন প্রার্থীরা। শহর কিংবা গ্রাম সবখানেই ছেয়ে গেছে পোস্টার। নেতাকর্মী আর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ। এর মধ্যে দেখা মিলল এক স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচার। লিফলেট ফটোকপি করে নিজে পোস্টার-ব্যানার টাঙিয়ে একাই চালাচ্ছেন প্রচার।

এমন দৃশ্য দেখা গেছে দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলায়। নেতাকর্মী ছাড়া একাই ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন ওই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ।

সরেজমিনে দেখা যায়, লিফলেট নিয়ে একাই ভোটারদের হাতে তুলে দিচ্ছেন দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ। এলাকার উন্নয়নে তার ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। লিফলেট সীমিত সংখ্যক। তাই শেষ হওয়ার আগেই ফটোকপির দোকানে গিয়ে আবার কিছু লিফলেট ফটোকপি করেন তিনি।

শাহনেওয়াজ ফিরোজ শুভ দিনাজপুর-৬ সংসদীয় আসনের এলাকাকে জেলায় রূপান্তর, যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, ফ্রি অ্যাম্বুল্যান্স সার্ভিসসহ ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এলাকার জনগণ তাদের আর্থ-সামাজিক উন্নয়নে ঈগল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে জানান তিনি।

বিরামপুর উপজেলার টাটকপুর এলাকার বাসিন্দা বাসেত আলী বলেন, ‘আমাদের আসনে নৌকা ছাড়াও আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী আছেন। তারা আগে থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। এখানে শাহনেওয়াজ শুভ নামে একজন প্রার্থী ঈগল প্রতীকে নির্বাচন করছেন। প্রথম দিকে যদিও তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে তিনি আদালতে আবেদনের মাধ্যমে আবার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখন তিনি একাই প্রচার শুরু করে দিয়েছেন। আমাদের এই আসনে চারটি উপজেলা রয়েছে। একার পক্ষে এভাবে প্রচার করা সম্ভব হবে না। কর্মীদের নিয়ে তাকে বেশি করে প্রচার চালাতে হবে। ভোটাররা তাকে যোগ্য মনে করলে অবশ্যই তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’

একই এলাকার ঈসমাইল হোসেন বলেন, ‘অনেক লড়াই করে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনি ফটোকপি করে ভোটারদের লিফলেট দিচ্ছেন। এটা সত্যি অবাক করার বিষয়। তার এমন কাজ দেখে আমরা অবাক হচ্ছি। আমরা সাধারণ ভোটাররা এরকম সাধারণ প্রার্থী চাই যারা আমাদের জন্য কাজ করে যাবেন।’

রঞ্জন রায় নাম এক ভোটার বলেন, ‘ঈগল মার্কার প্রার্থী শুভ অনেক ভালো মানুষ। ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই তার কাছে। বিভিন্ন সময়ে তিনি আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করেন। আমাদের প্রায়ই খোঁজখবর নেন। আমরা সহজেই তার কাছে গিয়ে আমাদের সুবিধা-অসুবিধার কথা তাকে বলতে পারি।’

প্রার্থী শুভ বলেন, ‘দিনাজপুর-৬ আসনে চারটি উপজেলা রয়েছে। বিরামপুরে একটি বড় হাট ছিল, সেটি ফিরিয়ে আনতে হবে। আর আমার প্রধান লক্ষ্য হলো এই চার উপজেলাকে নিয়ে একটি নতুন জেলা গঠন করতে হবে। তাহলে বেশি বরাদ্দ পাওয়া যাবে, যা দিয়ে এই এলাকার প্রকৃত উন্নয়ন করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথম দফায় আমার মনোনয়নপত্র বাতিল করা হলে আমি আপিল করি। পরে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। হঠাৎ করে তো আর সব কিছু সাজিয়ে নেওয়া যায় না। যেহেতু প্রচারণার সময় দ্রুত চলে যাচ্ছে তাই ফটোকপি করে নিজেই পোস্টার-ব্যানার টাঙিয়ে প্রচার প্রচারণা শুরু করেছি। আশা করছি আমার কর্মী-সমর্থকরা দ্রুত কাজ শুরু করবে। আর আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।’

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে  মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ৫ লাখ ২৫ হাজার ৬৭৪ জন ভোটার রয়েছেন।