চাঁপাইনবাবগঞ্জে ৪১টি পরিত্যক্ত ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে র‌্যাব পরিত্যক্ত অবস্থায় ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে।

গতকাল শনিবার সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস সংবাদ ব্রিফিংয়ে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে কয়েক দফায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে গত শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ভাঙা ঘরে অভিযান চালিয়ে ৪১টি ককটেল উদ্ধার করা হয়। ওই ঘরের ভেতরে মাটির গর্তের মধ্যে ৮টি বালতিতে ককটেলগুলো রাখা ছিল।

উদ্ধারের পর গতকাল র‌্যাবের বম্ব ডিস্পোজাল ইউনিটের একটি দল ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, ককটেলগুলো কারা কী উদ্দেশ্যে রেখেছিল তা অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত করে তাদের খুঁজে বের করা হবে।