দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এর মাঝে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাবা ও মেয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে এই আসন।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. মোসলেম উদ্দিন এমপির নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন তার মেয়ে সেলিমা বেগম সালমা।
জানা গেছে, এই আসনের প্রবীণ রাজনীতিবিদ মো. মোসলেম উদ্দিন নৌকা প্রতীক নিয়ে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার কন্যা সেলিমা বেগম সালমা নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে।
জানা গেছে, এই আসনের বর্তমান সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ মো. মোসলেম উদ্দিন, তার ছেলে এবং মেয়েসহ একই পরিবার থেকে তিনজন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান। শেষ পর্যন্ত মনোনয়ন পান পিতা মোসলেম উদ্দিন। ছেলে বাবার পক্ষে অবস্থান নিলেও কন্যা সেলিমা বেগম সালমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিযোগিতায় নামেন।
বাবার বিপরীতে নির্বাচন করা প্রসঙ্গে সেলিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীদের নিয়ে ফুলবাড়ীয়া সাধারণ মানুষের সেবা দিয়ে আসছি। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছিলাম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। তবে এই নিয়ে বাবার সঙ্গে কোনো সমস্যা হচ্ছে না।
এদিকে, ভোটের বিষয়ে জানতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোসলেম উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়ার পর সব প্রার্থীই পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। এ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোসলেম উদ্দিন (নৌকা), আওয়ামী লীগ নেত্রী সেলিমা বেগম সালমা (ঈগল), উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মালেক সরকার (ট্রাক), জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বাবুল (লাঙ্গল), জাতীয় পার্টি নেতা (রওশন এরশাদপন্থি) ডা. খন্দকার রফিকুল ইসলাম (কেটলী), কৃষক শ্রমিক জনতালীগের প্রিন্সিপাল আব্দুর রশিদ (গামছা)।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে মোসলেম উদ্দিন দলীয় ও পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকটা বেকায়দার মধ্যে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মালেক সরকার বলেন, এমপির পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্ব কাজে লাগিয়ে আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে কাজে লাগাচ্ছে।
স্থানীয় নেতৃবৃন্দের অনেকেই নাম না প্রকাশের শর্তে জানান, বাবা-মেয়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বেকায়দার মধ্যে রয়েছে দলীয় নেতাকর্মীরা। উপজেলাজুড়েই এ আলোচনা চলছে, ভোট চাইতে গিয়ে ভোটারদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
উল্লেখ্য, পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন নিয়ে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদীয় আসন। মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৯৮৫ জন। পুরুষ ভোটার এক লাখ ৯৪ হাজার ৪৪২ ও মহিলা ভোটার এক লাখ ৯১ হাজার ৫৪৩ জন। এর মধ্যে দুই জন হিজড়া ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ১২১টি ও ভোট কক্ষ রয়েছে ৮৫৭টি।