থার্টি ফার্স্ট উপলক্ষে সিএমপির বিশেষ নির্দেশনা

মহানগরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আজ ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল  জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে নাগরিকদের কিছু নিদের্শনা অনুসরণ করার জন্য সিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো- রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের সমাবেশ, উৎসব না করা, উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান, সমাবেশ বা নাচ-গান অথবা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করা, কোথাও কোনো ধরনের আতশবাজি, পটকা না ফোটানো এবং ফানুস না ওড়ানো, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান না করা, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্সকৃত সকল বার ও মদের দোকান বন্ধ রাখা, উচ্চস্বরে গাড়ির হর্ন না বাজানো কিংবা বেপরোয়াগতিতে গাড়ি বা মোটরবাইক না চালানো, আনন্দ উদযাপনের ক্ষেত্রে প্রচলিত সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির প্রতি লক্ষ রেখে প্রত্যাশিত ও গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখা, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, সকল অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড হতে বিরত থাকা, অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকা,  হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া, জনগণের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিহার করা।

ট্রাফিক নির্দেশনা
উচ্চস্বরে হর্ন না বাজানোসহ বেপরোয়াগতিতে যানবাহন না চালানো, গুরুত্বপূর্ণ সংবাদ, দুর্ঘটনাসংক্রান্ত তথ্য তাৎক্ষণিক সিএমপির কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানোর জন্য সিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সিএমপি কন্ট্রোল রুমের ফোন নম্বর ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮