আচরণবিধি লঙ্ঘন: চার মামলায় জরিমানা ও কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারটি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা এবং দুইজনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ ডিসেম্বর) রাতে এ জরিমানা ও দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার একুতা গ্রামের তাইফুর মুরসানিন এবং ধনপুর গ্রামের শফিকুল ইসলাম খন্দকার।

জরিমানা প্রদানকারীরা হলেন— সাওরাইদ গ্রামের সেলিম শেখ পাঁচ হাজার এবং একুতা গ্রামের শামসুল আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর-৫ (কালীগঞ্জ—গাসিকের একাংশ) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কালীগঞ্জের জামালপুর এলাকায় মোট চার মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা ও দুই জনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮(১) ধারায় দুইটি মামলায় ৩৫ হাজার টাকা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দুইটি মামলায় দুই জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।