লোহিত সাগরে হুতির ৩ নৌযান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এবার সমুদ্রপথে জাহাজ ছিনতাই চেষ্টার অভিযোগ উঠার পর তাদের তিনটি নৌযান ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী। রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনী বলেছে, তারা হুতির তিনটি নৌযান ধ্বংস করেছে। এসব নৌযান ব্যবহার করে গোষ্ঠীটি লোহিত সাগরে একটি ড্যানিস কোম্পানি পরিচালিত কন্টেইনারবাহী জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছিল।

হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে কন্টেইনারবাহী জাহাজ মিয়ার্স্ক হ্যাংঝুতে চারটি নৌযানের মাধ্যমে হামলা চালানো হয়। নৌযানগুলো ২০ মিটারের মধ্যে চলে এলে জাহাজটি সাহায্যের সিগন্যাল দেয়। এরপর মার্কিন নৌ বাহিনী হেলিকপ্টার থেকে নৌযানগুলোর ওপর হামলা করে, এতে তিনটি নৌযান ডুবে যায়।

ডুবে যাওয়া নৌযানগুলোর ক্রুদের হত্যা করা হয়েছে। এ ছাড়া চতুর্থ নৌযানটি পালিয়ে গেছে। গত নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। তাদের দাবি, লোহিত সাগর দিয়ে চলাচল করা যেসব জাহাজের সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে সেগুলোয় হামলা চালাচ্ছে তারা।