নিক্সনের ভাই বললেন, কাজী জাফর উল্যাহর ইউপি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও ফরিদপুর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্যাহকে উদ্দেশে মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আপনার ভাগ্য ভালো, আপনি ওখানে নমিনেশন পেয়েছেন। শিবচরে হলে আপনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদেও মনোনয়ন পেতেন না। আমাদের কাছে মনোনয়ন চাইলে আপনাকে চেয়ারম্যান হওয়ার মনোনয়নও দিতাম না। এই যোগ্যতাও আপনার নেই।’

আজ রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী এলাকায় নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে চিফ হুইপ এসব কথা বলেন।

তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর ভাই। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী নিক্সনের প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহ।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আপনি দুবার ফেল করছেন। সামনে তিনবার না চারবার ফেল করবেন, এটা আমার দেখার ব্যাপার না। আপনি কয়বার ফেল করবেন, এটা আপনার ব্যাপার। দুবার ফেল করার পরও আপনাকে অনেক বড় চেয়ার দিয়েছে। আপনার জায়গায় আমি থাকলে আমি এই পোস্ট নিতাম না। বলতাম আমি নিজে নির্বাচিত হতে পারি না, আমাকে এই দায়িত্ব দিয়েন না। সারা দেশকে নিয়ে নির্বাচনে—এই ঝুঁকি আমি নিতে পারি না।’

নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, ‘পাকিস্তান আমলে হঠ্যাৎ করে অনেকে কীভাবে জাহাজের মালিক হয়েছিল আমার জানা নেই। শোনা যায় এরা টেকেরহাটে পাকিস্তান হানাদার বাহিনীর খাদ্য সরবরাহ করত। শোনা যায় উনি (কাজী জাফর উল্যাহ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আইয়ুব খানের ছাত্র সংগঠন করতেন।’