তৃণমূল বিএনপির দলীয় ফান্ড না থাকায় দলীয় প্রার্থীদের ওইভাবে সহযোগিতা করতে পারেননি বলে ব্যর্থতার দায় স্বীকার করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।
রবিবার (৩১ ডিসেম্বর) নারাণগঞ্জ-১ রূপগঞ্জ নির্বাচনী আসনের ভুলতা ইউনিয়নের ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মিয়াপাড়া, মতুর্জাবাদ, নাহাটি, মাছিমপুর, মতিন মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নতুন দলে এখন পর্যন্ত তেমন কোনো ফান্ড তৈরি হয়নি। প্রথম পর্যায়ে দলীয় প্রার্থীদের সহযোগিতা করা হয়েছে। তবে আমরা চেষ্টা করছি ফান্ড তৈরি করার। তৈরি হলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। এখনো কিছু প্রার্থীদের সহযোগিতা করা হচ্ছে কারণ তারা এলাকায় থেকে পুরোদমে নির্বাচন করছেন।’
তৈমুর আলম খন্দকার বলেন, রূপগঞ্জে নির্বাচিত হলে প্রথম কাজ হবে মাদক ও ভূমিদস্যু মুক্ত করা। রূপগঞ্জে আমার বাপ দাদার ভিটেমাটি। এখানকার শিক্ষা ব্যবস্থার শুরু হয়েছে আমার দাদার মাধ্যমে। আমার দাদার নামে করা শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে অন্য নামকরণ করা হয়েছে। আমার মায়ের নামে করা সড়কটির নামও পরিবর্তন করে অন্য নাম দেওয়া হয়েছে এগুলো ছোট মানুসিকতা ছাড়া কিছু নয়। আমি বিআরটিসির চেয়ারম্যান থাকাকালীন সময়ে রূপগঞ্জের ২ হাজার যুবককে চাকরি দিয়েছি। এসব যুবকদের চাকরি দেওয়ার কারণে ২৬ মাস জেলে কেটেছে। আমি ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তাদের বিরুদ্ধে কথা বলায় আমাকে হেয় হতে হয়েছে। আমি আশাবাদী রূপগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবে।