নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

গাজীপুর-২ আসনের টঙ্গীর মাজার বস্তি এলাকায় নৌকা ও ট্রাক মার্কা সমর্থনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে 

এলাকাবাসী জানান, রবিবার বিকেল সাড় ৪টার দিকে টঙ্গীর মাজার বস্তি এলাকার সান্দারপাড়ায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্ধিনের প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনীত জাহিদ আহসান রাসেলের  সমর্থকরা তাদের প্রচার কাজে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৮ সমর্থক আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, মো. ফারুক (৩৮) ও লাল চাঁন মিয়া (৩২), শ্যামল মিয়া (২৩),  পলাশ (১৮), সাহিদা বেগম (৬২), মোসা. শবনব  (৩৭), টিয়া মিয়া (২০) ও  নূপুর (২৭)। 

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় টঙ্গীতে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

টঙ্গী পশ্চিম  থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ঘটনার খবর পেয়েছি। পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।