হরতাল-অবরোধ কর্মসূচির  ঘোষণা দেবে বিএনপি

সরকারের পদত্যাগ, ভোট বর্জন ও ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেছে বিএনপিসহ সমমনা দলগুলো। গতকাল রবিবার ঢাকাসহ সারা দেশে এই কর্মসূচি পালন করেন দলগুলোর নেতাকর্মীরা। একই দাবিতে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজও লিফলেট বিতরণ করবে দলগুলো। ঘোষণা আসবে নতুন কর্মসূচির। নেতারা বলছেন, লিফলেট বিতরণে ব্যাপক সাড়া পেয়েছে সরকারবিরোধী দলগুলো। এখন চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে হরতাল, অবরোধ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে সূত্র জানিয়েছে।

গণসংযোগকালে নেতারা বলেন, ১৫ বছর ধরে সরকার বিরোধী দলের নেতাকর্মীসহ জনগণের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। ‘স্বৈরাচার’ কায়েম করেছে। দেশের গণতন্ত্র, মানবাধিকার ও অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এবার স্বৈরাচারের বিদায় হবে। কোনো কৌশলে কাজ হবে না, এ সরকার থাকবে না, পতন হবেই।

সকালে রাজধানীর তোপখানা রোডে ভোট বর্জনের পক্ষে জনমত তৈরিতে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি বলেন, ‘পনেরো বছরে সরকারবিরোধী আন্দোলনে সাফল্য না জুটলেও এবার হবে। এই “স্বৈরাচার” সরকারের পতন হবে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, সেই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’ এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান, ভিপি ইব্রাহিম, ওবায়দুর রহমান টিপু প্রমুখ।

মালিবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের পাতানো ও ভাগবাটোয়ারার নির্বাচনের কারণ হচ্ছে অর্থসম্পদ লুট করে তারা (আওয়ামী লীগ) যে বিত্তবৈভবের মালিক হয়েছে, সেটা তারা বজায় রাখতে চায়। জনগণকে বলব, দুর্নীতিবাজ, লুটেরা ও খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন। ৭ জানুয়ারির ভোট বর্জন করুন, কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’

এ সময় দলের কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী, মাহবুবুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলে।

মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে স্বেচ্ছাসেবক দল, বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও গণসংযোগ করেছে ১২-দলীয় জোট।

এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙ্গামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর বন্দর থানা বিএনপির সহসভাপতি আবু জহুরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।