ফখরুলের ৯ মামলার জামিন শুনানি ৯ জানুয়ারি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৯ মামলায় গ্রেপ্তার দেখানো জামিন শুনানি ৯ জানুয়ারি। গতকাল রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এ তারিখ ঠিক করেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ১৩ ডিসেম্বর মির্জা ফখরুলের এই ৯ মামলায় জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। এরপর আমরা উচ্চ আদালতে বিষয়টি অবহিত করি। আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এরপর আমরা আবারও সিএমএম আদালতে জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলের উপস্থিতিতে জামিন শুনানির জন্য এই দিন ধার্য করেন।’

৯ মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন আসামিপক্ষ করতে পারে কি না রাষ্ট্রপক্ষের মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবুর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আসামিপক্ষ থেকে এ ধরনের কোনো দরখাস্ত দেওয়ার আইনগত সুযোগ নেই, এর আগে একই ধরনের দরখাস্ত দেওয়া হয়েছিল, আদালত তা গ্রহণ করেননি।’ তিনি আরও বলেন, ‘ফখরুলকে এই ৯ মামলায় আসামি করা হয়নি বা পুলিশও তাকে এ মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেনি, তাই এ মামলায় জামিন চাওয়ার কোনো সুযোগ নেই। ৯ তারিখে আমরা আদালতে উপস্থিত থেকে এ কথাগুলো বলব।