বিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়ায় দেশে গুপ্তহত্যা চালাতে পারে বলে দুদিন ধরে আশঙ্কা প্রকাশ করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এ নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, এ ব্যাপারে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে গোয়েন্দা সংস্থাগুলো সজাগ আছে। তারা দেশে এ ধরনের কোনো কিছু ঘটতে দেবে না। গতকাল রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, ‘সড়ক পরিবহনমন্ত্রী ও আমাদের পার্টির সাধারণ সম্পাদকের কাছে অবশ্যই খবর আরও বেশি থাকে। কারণ তিনি রাজনীতি করেন। তার কাছে যথেষ্ট তথ্য থাকে। সেই তথ্যের ভিত্তিতেই তিনি বলেছেন। তবে আমাদের কথা হলো, আমাদের গোয়েন্দা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনা ঘটাতে গেলে কিংবা ঘটনার আগেই আমরা তাদের ধরার চেষ্টা করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘বিএনপি সব সময় নাশকতা করে আসছে। নাশকতা দিয়েই তাদের জন্ম। কাজেই তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী সে বিষয়ে সজাগ আছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যথাযথভাবে কাজ করছে বলেই তারা (নাশকতাকারীরা) এসব কর্মকাণ্ডে তেমন প্রভাব ফেলতে পারেনি। আমি মনে করি, নাশকতাকারীদের এ দেশের জনগণ প্রতিহত করবে। জনগণ তাদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেবে না। জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না।’