বায়ুদূষণে দেশে বছরে ৮০ হাজার মানুষের মৃত্যু

দেশে বায়ুদূষণের কারণে প্রতিবছর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৮০ হাজার মানুষ মারা যায়। আর বছরে জিডিপির ক্ষতি হয় শতকরা ৮ ভাগ। তাই বায়ুদূষণ নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে সব সংস্থা ও জনপ্রতিনিধির সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন বক্তারা।

গতকাল রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তির প্রয়োগসংক্রান্ত এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। স্থানীয় সরকার বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যেকোনো উন্নত দেশের মতোই আমাদের দেশেও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে নানারকম পরিবেশগত দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে প্রথম থেকেই যদি আমরা আমাদের পরিবেশ দূষণের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এমএএ শওকত চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বি জে মনিরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. জিয়াউল হক, আমিরুল ইসলাম, ড. আবদুস সালাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউর রহমান, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার উপাদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এমএ আক্তার হোসেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান, উপসচিব আমিনূল এহসান প্রমুখ।