গত থার্টিফার্স্টে ১০০ আগুন ৫ বছরে ক্ষতি কোটি টাকা

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় (থার্টিফার্স্ট নাইট) ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫ বছরে আতশবাজি ও ফানুস থেকে লাগা আগুনে সারা দেশে ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। আর ২০২২ সালের থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর কারণে প্রায় ১০০টি জায়গায় আগুন লাগে। এতে করে আনুমানিক ১৯ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি হয়। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ফায়ার সার্ভিস অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো থেকে ২০২১ সালে ১৬টি অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয় এবং আতশবাজির উচ্চ শব্দে তানজিম উমায়ের ওরফে মাহমুদুল হাসান নামে এক শিশুর মৃত্যু হয়।

২০২০ সালে ৫০টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা, ২০১৯ সালে ৭২টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৪৭ হাজার এবং ২০১৮ সালে ৪২টি অগ্নিকাণ্ডে প্রায় ৫৬ লাখ ৬ হাজার টাকার ক্ষতি হয়। সব মিলিয়ে ৫ বছরে ক্ষতি হয়েছে ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকা।

আতশবাজি না ফোটানো এবং ফানুস না ওড়ানোর আহ্বান জানান ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।