নব্য জেএমবির শীর্ষ নেতাসহ গ্রেপ্তার ২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির শীর্ষ নেতা ইউসুফ ওরফে ইউসুফ হুজুরসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। গত শনিবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্যজন হলেন মো. জহিরুল ইসলাম ওরফে জহির (৪৩)। এ সময় নব্য জেএমবির মুখপাত্র পত্রিকা নাবা, ১০টি ডেটোনেটর এবং বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হলি আর্টিসান হামলার পর নব্য জেএমবির সব নেটওয়ার্ক বিধ্বস্ত করা হয়েছিল। কিন্তু এ বছরের শেষ ৩ মাসে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

থার্টিফার্স্টে হামলার কোনো পরিকল্পনা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, একটা পরিকল্পনা হয়তো ছিল। কারণ তাদের কাছ থেকে ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ বছর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা মনে করি না হামলার কোনো হুমকি রয়েছে। নির্বাচন ঘিরে কোনো পরিকল্পনা ছিল কি না, জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে নির্বাচনে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।