কুয়াশায় দৃষ্টিসীমা ৪০০ মিটারের কম হতে পারে

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে পরবর্তী ছয় থেকে সাত ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

এদিকে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ঘন কুয়াশার কারণে দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।