ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৮–১৯ ও ২০২১–২২ মৌসুমে একেবারে শেষ দিনে গিয়ে লিভারপুলকে ১ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। সর্বশেষ ২০২২–২৩ মৌসুমে আর্সেনাল ২৪৮ দিন পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ ভাগে পাশার দান উল্টে যায়। আর্সেনালের অবিশ্বাস্য ছন্দপতনের বিপরীতে সিটি টানা ৮ ম্যাচ জিতে শিরোপা ধরে রাখে।
ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’ এবারও সিটির জন্য সুসংবাদ নিয়ে এসেছে। অপ্টার সুপার কম্পিউটার বলছে, ২০২৩–২৪ মৌসুমেও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি। সদ্য বিদায় নেওয়া ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দলগুলোর পয়েন্ট তালিকায় বতর্মান অবস্থান, শক্তিমত্তা বিশ্লেষণ করে সুপার কম্পিউটার জানিয়েছে, পেপ গার্দিওলার সিটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫৫.১০%।
ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রানার্সআপ হবে লিভারপুল। এ মুহূর্তে ইয়ুর্গেন ক্লপের দলের শিরোপা জয়ের সম্ভাবনা দেখানো হচ্ছে ২৭.৩০%। আর্সেনালের সম্ভাবনা ১৫.৩০%।যদিও আরেক দফা শিরোপা ধরে রাখার অভিযানে নামা সিটিকে লিগে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। ২০২৩–২৪ মৌসুমে বেশ কয়েকটি দলের মধ্যে শীর্ষস্থান নিয়ে চলছে ইঁদুর–বিড়াল খেলা। সেই খেলায় সিটি কিছুটা পিছিয়েও পড়েছে। ৪০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থেকে বছর শেষ করেছে তারা।
৪২ পয়েন্ট নিয়ে তালিকার চূড়ায় থেকে নতুন বছরকে স্বাগত জানিয়েছে লিভারপুল। মৌসুমের চমক হিসেবে আবির্ভূত হওয়া অ্যাস্টন ভিলারও পয়েন্ট ৪২। কিন্তু লিভারপুলের সঙ্গে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ভিলা আছে দুইয়ে। তবে ভিলার শিরোপা জয়ের খুব একটা সম্ভাবনা দেখছে না অপ্টার সুপার কম্পিউটার। উনাই এমেরির দলের সম্ভাবনা দেখানো হয়েছে ১.৯০%। পয়েন্ট তালিকার পাঁচে থাকা টটেনহাম এই ভবিষ্যদ্বাণীতেও আছে ৫ নম্বরে। স্পার্সের সম্ভাবনা ০.৩০%।
অপ্টার সুপার কম্পিউটার লিগের শীর্ষ পাঁচ দলের বাইরে চ্যাম্পিয়ন হওয়ার সামান্যতম সুযোগ দেখছে শুধু ওয়েস্ট হামের। লন্ডনের ক্লাবটির সম্ভাবনা ০.০১%।শীর্ষ চারে কোন দল থাকবে, সেই ভবিষ্যদ্বাণীও করে রেখেছে সুপার কম্পিউটার। যেখানে ম্যানচেস্টার সিটির সম্ভাবনা ৯৯.২০%, লিভারপুলের ৯৭.১০%, আর্সেনালের ৯৩.৮০%, অ্যাস্টন ভিলার ৬৫.৮০% আর টটেনহামের ৩০.৫০%।
অপ্টা জানিয়েছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভবিষ্যদ্বাণী হালনাগাদ করা হবে।