নতুন বছরের শুরুতেই ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার মধ্যরাতের পরপরই ইসরায়েলে রকেট হামলা চালায় তারা।
এ সময় তেল আবিবের ঠিক দক্ষিণে এবং গাজার উত্তরে, সেডরোটের আশেপাশে এবং অ্যাশদোদের ঠিক দক্ষিণে এলাকাজুড়ে রকেট অ্যালার্ম চালু হয়ে যায়। খবর আল জাজিরা।
বিশেষ করে রকেট উৎক্ষেপনের জেরে শুধু ইসরায়েলের মধ্যাঞ্চলেই কয়েক ডজন রকেট অ্যালার্ম বেজে উঠে।
পরবর্তীতে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানায় যে, তারা "গাজায় গণহত্যার" প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে।
তবে রকেট হামলার পর জরুরি চিকিৎসা পরিষেবা এই ঘটনায় হতাহতের বিষয়ে কোনও কল পায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে হামাসের হাতে আটক সমস্ত জিম্মিদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত নতুন বছর উদযাপন করা হবেনা বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে খান ইউনুসের কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর তীব্র লড়াই চলছে। ইসরায়েলি গোলাবর্ষণ থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের নতুন বছর শুরু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
এছাড়া নতুন বছরের প্রাক্কালে পূর্ব গাজার জেইতুন জেলা, আল-মাগাজি শরণার্থী শিবির, নুসাইরাত শরণার্থী শিবির, পশ্চিমতীরসহ গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে করে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত এবং অন্যান্য অনেকেই আহত হয়েছে।
তবে ইসরায়েল বলেছে যে, গাজা থেকে রিজার্ভ সৈন্যদের প্রত্যাহার করে নেবে তারা। এতে পরবর্তীতে আরও যুদ্ধ করার জন্য মনোবল দৃঢ় হবে তাদের।