মালেক সাহেবের গলিতে পড়ে ছিলেন অজ্ঞাত নারী, মৃত

রাজধানীর ফকিরাপুলে রাস্তা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।

আজ সোমবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে মতিঝিল থানাধীন ফকিরাপুল মালেক সাহেবের গলি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাতেই ঘুরাফেরা করতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।