আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসছে যুব বিশ্বকাপের এবারের আসর। নতুন বছরের প্রথম দিনেই টুর্নামেন্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। মাহফুজুর রহমান রাব্বীকে অধিনায়ক ও আহরার আমিনকে সহ অধিনায়ক করে দল ঘোষণা করা হয়েছে।
রাব্বির নেতৃত্বেই কয়েকদিন আগে এশিয়া কাপ জিতে এসেছে যুব টাইগাররা। তার নেতৃত্বে ভরসা রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রত্যাশিতভাবেই এশিয়া চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ সদস্যই রয়েছেন যুব বিশ্বকাপ স্কোয়াডে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অবশ্য সপ্তাহখানেক ক্যাম্প করবেন ক্রিকেটাররা।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে সে ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের স্কোয়াডঃ
মোহাম্মদ আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।
স্ট্যান্ড বাই-
নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও আকান্ত শেখ।