কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা করছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনী জনসভাটি হচ্ছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় অংশ নিতে কলাবাগান মাঠে জড়ো হতে শুরু করেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

আজ দুপুর পৌনে ১২টার দিকে জনসভাস্থলে গিয়ে দেখা যায়, ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসছেন।

জনসভাকে কেন্দ্র করে কলাবাগান মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যৃদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।