শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

জাপানের ইশিকাওয়া অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার পরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরা।

ভূমিকম্পের পর জাপান সাগরের পশ্চিম উপকূলের কিছু অংশে প্রায় এক মিটার (৩.৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হেনেছে। এর থেকেও বড় ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামার উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। 

জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে ভূমিকম্প আঘাত হানার পর সব বাসিন্দাকে অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইশিকাওয়া অঞ্চলে আরেকটি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ও জাপানি এজেন্সিগুলো জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে মধ্য জাপানের উত্তর উপকূলে পাঁচ মিটার (১৬.৫ ফুট) উচ্চতার বিপজ্জনক সুনামি ঢেউ আসতে পারে।