বাগেরহাট-৪ আসনে নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে নৌকা প্রতীকের অস্থায়ী একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আমুরবুনিয়া বাজারের কাছে এই ঘটনা ঘটে। আগুনে কিছু পোস্টার, চেয়ার ও ব্যানার পুড়ে গেছে। আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট-৪ আসন। এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। এই আসনের আরও প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় পার্টি, এনপিপি, তৃণমূল বিএনপি, বিএনএম ও স্বতন্ত্র প্রার্থীরা।

মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুপুরে এই প্রতিবেদককে বলেন, বাগেরহাট-৪ আসনের আসন্ন নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া বাজারের কাছে একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়। গতকাল রবিবার দিনগত রাত তিনটার দিকে অস্থায়ী ওই নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। আগুনে কার্যালয়ে রাখা কিছু পোস্টার, চেয়ার ও ব্যানার পুড়ে যায়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শামসুদ্দিন বলেন, নৌকার প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা আগুন দিয়েছে তাদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছি।