দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯ কেজি গাঁজাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রী এশিয়ার একটি দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে গিয়েছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, দুবাই কাস্টমসের কর্মকর্তারা যখন ওই যাত্রীকে তল্লাশি করছিলেন, তখন কিছু গুঁড়া পাওয়া যায়, যা ‘মেহেদি পাউডার’ বলে দাবি করেন অভিযুক্ত। পরে দেখা যায় তা মেহেদি নয়, গাঁজার গুঁড়া; যার পরিমাণ প্রায় আট কেজি ৯০০ গ্রাম।
পরে এসব গাঁজা জব্দ করে দুবাই পুলিশের মাদকবিরোধী মহাপরিচালকের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পর দুবাই কাস্টমসের প্যাসেঞ্জার অপারেশনস ডিপার্টমেন্টের পরিচালক ইব্রাহিম আল কামালি বিমানবন্দরে চোরাচালান রোধে নজরদারি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন।