নৌকা ও ঈগলের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী একেএম এনামুল হক শামীম ও স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর দুটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার ভোর রাতের দিকে তাদের অস্থায়ী ওই ক্যাম্প দুটিতে এই ঘটনা ঘটে। নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে নৌকা প্রতীকের একটি ক্যাম্প পুরো পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বিঝাড়ি ধামারণ ত্রিপল্লী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের একটি ক্যাম্প পুড়ে যায়। এঘটনায় একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন প্রার্থীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার ভোর রাতে নড়িয়ার ডিঙ্গামানিক ইউনিয়নের আহম্মদ নগর এলাকায় নৌকা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পে থাকা ১০টি চেয়ার পুড়ে যায়। অপরদিকে বিঝাড়ি ইউনিয়নের ধামারণ ত্রিপল্লী এলাকায় ঈগল প্রতীকের আরেকটি নির্বাচনী ক্যাম্পের কাপড়ে আগুন ধরিয়ে দেয়া দুর্বৃত্তরা।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।