লোহিত সাগরে মার্কিন হামলায় ১০ হুতি নিহত, পালিয়ে বাঁচল ৪

লোহিত সাগরে মার্কিন হামলায় ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ১০ যোদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় বেঁচে যাওয়া চারজন ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে পৌঁছেছেন এবং আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকালে হুতিদের নৌকা লক্ষ্য করে মার্কিন সেনারা হামলা চালালে এ ঘটনা ঘটে। সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চারটি নৌযান এসে মারেস্কের একটি বিশাল জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। সাহায্যের আহ্বান পেয়ে মার্কিন যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টারগুলো ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় নৌযানগুলো লক্ষ্য করে গুলি চালানো হলে তিনটি ডুবে যায় এবং এর ক্রুরা নিহত হয়। চতুর্থ নৌযানটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

গত নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি। তাদের দাবি, লোহিত সাগর দিয়ে চলাচল করা যেসব জাহাজের সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে সেগুলোয় হামলা চালাচ্ছে তারা।

এসব হামলার পরিপ্রেক্ষিতে লোহিত সাগরে জাহাজ চলাচলের সুরক্ষায় গত মাসে একটি বহুজাতিক নৌ টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র।