হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ২৫, পুলিশের পিকআপ ভাঙচুর

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়।

আজ সোমবার (০১ জানুয়ারি) বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, নেতাকর্মীদের হামলায় ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে। এসময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এসময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেতাকর্মীদের ধাওয়া করে।

ছাত্রদলের জেলা সম্পাদক জিল্লুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শান্তিপূর্ণ র‍্যালি বের করি। পুলিশের হামলায় ১৫ নেতাকর্মী আহত হয়েছে।