গায়ের জোরে অন্যায়কে ন্যায় বানানো হলো: আইরিন খান

ড. ইউনূসের বিরুদ্ধে সাজার রায়ের পর এজলাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধিকারকর্মী আইরিন খান দেশ রূপান্তরকে বলেন, ‘এখানে কাদের বিচার করলেন? এই বিচারের মানে কি? আজ বছরের প্রথম দিন। কিন্তু এই দিনে এই খবর (সাজা) শুনে আমাদের সারা শরীর শিউরে উঠছে। ন্যায়বিচারের নামে এভাবে যদি বিচার করা হয় তাহলে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। ন্যায়বিচারের নামে একটা হাস্যকর ব্যাপার দেখলাম।’

তিনি বলেন, ‘আমাদের দেশে কত রকমের অন্যায় হচ্ছে। আপনারাও জানেন। মানুষকে গুলি করেও মারা হয়েছে। সেসবের কোনো বিচার নেই। কিন্তু ওনারা এখানে কি মামলা নিয়ে এসেছেন। ডিফেন্সপক্ষকে (আসামিপক্ষ) তো আইনটাকে বিশ্লেষণের সুযোগ দেওয়া হয়নি।’

আইরিন খান আরও বলেন, ‘তিনি (ড. ইউনূস) একজন নোবেল বিজয়ী। এই মানুষটি আমাদের সবাইকে গর্বিত করেছেন। কিন্তু তার বিরুদ্ধে এ ধরনের একটা রায় হলো।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে একজন কি আছেন, যিনি এই বিচারের পক্ষে বলেছেন। সবাই বলছেন এটা অন্যায়। এখন গায়ের জোরে এখানে অন্যায়কে ন্যায় বানিয়ে একজন নোবেল বিজয়ীর সঙ্গে এ ধরনের আচরণ হাস্যকর।’