দিনাজপুরের খানসামা উপজেলায় একটি বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে নৌকা মার্কা প্রাথীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে সারা দেশের ন্যায় জেলার খানসামা উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়।
জানা গেছে, বই বিতরণ অনুষ্ঠানে অংশ নেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। তিনি বলেন, আমাদের বাড়ির পাশে মন্ত্রীর বাড়ি। আমরা শিশুদের জন্য বলতেছি, তোমরা যদিও ভোটার না। আমার কাছে কিছু পোস্টার আছে তোমাদেরকে দিব। প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের বাবা-মাকে ভোট দিতে বলবে, যাতে তিনি আবার এমপি হোন। আমাদের যে প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে সেগুলোর উন্নয়ন করবেন তিনি। উনি এই ছবিটা দেখে খুশি হবে যে বই দেওয়ার পাশাপাশি উনার পোস্টার দিয়েছি।
এ বিষয়ে হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, কলেজের অধ্যক্ষ হিসেবে তাকে দাওয়াত দিয়েছি। তিনি এখানে এসে এরকম ব্ক্তব্য দিবেন তা ভাবতে পারিনি। এটা মোটেও ঠিক কাজ নয়। তিনি ব্যক্তিগত ভাবে এটি করেছে।