সামনে দিয়ে শাহরুখ খান হেঁটে যাচ্ছেন, উত্তেজনায়, আবেগে, আনন্দে নিজেকে ধরে রাখতে পারেননি এক নারী ভক্ত। প্রায় অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। ঘটনাটি ঘটেছে মুম্বাইতে।
অজ্ঞান হয়ে যাওয়া ওই ভক্তের ছেলে জানান, এই কাণ্ডের পর শাহরুখ তার টিম থেকে লোক পাঠান ভক্তকে দেখার জন্য। ছেলের কথায়, ‘ওকে (শাহরুখকে) দেখে আমার মা অজ্ঞান হয়ে যায়। শাহরুখের টিম তাকে ঘিরে রেখেছিল। হঠাৎ করে নিজের টিম থেকে একজনকে মায়ের কাছে পাঠান শাহরুখ। মা ঠিক আছেন কিনা তা দেখার জন্য।’
এখানেই শেষ নয়, এর পরেই ঘটে এক প্রত্যাশিত ঘটনা। কিছুক্ষণ পর নিজেই এগিয়ে আসেন কিং। ভক্ত তখন খানিক সুস্থ। ওই ব্যক্তির কথায়, ‘নিজেই এগিয়ে এসে আমার মাকে ‘হাই’ বলেন শাহরুখ। আমার মা তো ছাড়ার পাত্রী নয়। মা বলতে থাকে, কবে প্রথম বাড়িতে টিভি আসে। তার ‘ফৌজি’ দেখা শুরু করেন মা। এখনও তার প্রত্যেকটা ছবি থিয়েটারে দেখতে যান মা…।’
এই পুরো সময়টা মন দিয়ে ভক্তের কথা শুনতে থাকেন শাহরুখ। একসময় তাকে জড়িয়েও ধরেন। বিরক্তি তো নয়ই, মুখে লেগে ছিল হাসি, এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি। তার কথায়, শাহরুখের ভক্ত তিনি কোনোদিনও ছিলেন না। কিন্তু যে পরিমাণ ভালোবাসার প্রমাণ সেদিন মিলেছিল, তাতেই তিনি বুঝতে পেরেছিলেন, আসল রাজা তো কিং খানই। ওই যে ‘কিং ফর অ্যা রিজন’।