‘অগ্নিযুগ’-এ রবীন্দ্রনাথের চরিত্রে অনুপম, পাঞ্জাব কেশরী ধর্মেন্দ্র

দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য জানাতে বহুভাষি ছবি পরিচালনার উদ্যোগ নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছবির নাম ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’।

ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের এবং পাঞ্জাব কেশরী লালা লাজপত রাইয়ের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র। এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক নিজে।

গত বছর জুলাই মাসে অনুপম সোশ্যালে রবীন্দ্রনাথের লুকে নিজের ছবি প্রকাশ করে ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে দেন। অনুপমের লুক নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছিল বিস্তর। অভিনেতা তখন ছবির নাম আড়ালেই রেখেছিলেন। সে কথা মনে করিয়ে বিশ্বজিৎ বললেন, ‘তখন অনেকেই জানতে চেয়েছিলেন। কিন্তু এখন বলতে বাধা নেই যে, আমার ছবির জন্য অনুপমের লুক সেট হয়েছিল।’ ছবিতে অনুপমের লিপে কুমার শানুর কণ্ঠে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটিও রাখা হবে।

এর আগে পরিচালক বলেছিলেন, ‘অনেক কষ্ট করে আমরা স্বাধীনতা পেয়েছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময়ই আমাদের দেশনায়কদের লড়াইকে সম্মান করি। এই ছবি তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।’

বিশ্বজিৎ বললেন,‘পাঞ্জাব কেশরী লালা লাজপত রাইয়ের চরিত্রে শুরু থেকেই আমি ওর কথা ভেবেছিলাম। ধর্মেন্দ্র আমার দীর্ঘ দিনের বন্ধু। সম্প্রতি ওকে চিত্রনাট্য শোনাতেই তিনি সম্মতি দেন।’ 

ছবির জন্য ধর্মেন্দ্রর লুকটেস্ট এবং একটি ট্রায়াল শুটিং হয়েছে। বিশ্বজিৎ বললেন, ‘এখনও তিনি অভিনয়ের প্রতি এতটাই একাগ্র, যা দেখে মুগ্ধ হয়েছি। প্রতিটা বিষয়ে সমান মনোযোগ দিয়ে চিত্রনাট্য শুনেছেন এবং লুকটেস্ট দিয়েছেন।’

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিশ্বজিৎ।