গড়ে উঠুক মূল্যবোধ, অন্যায় হোক প্রতিরোধ এই স্লোগানকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে হাজী সেলিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই আয়োজনে পুরনো হিন্দি গানে নাচছিলেন একজন নৃত্যশিল্পী। পরে হাজি সেলিমকে সেখানে দেখা যায়। নাচের এক পর্যায়ে হাজি সেলিমের হাত ধরে নাচেন ওই শিল্পী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইতিবাচক অর্থেই নেটিজেনরা এই ভিডিও দেখে আনন্দ প্রকাশ করছেন। তারা নানা মন্তব্যও করেছেন। মূলত এটি একটি নির্বাচনী প্রচারণার আয়োজন ছিল। যেখানে হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিমের পক্ষে ভোট চাওয়া হচ্ছিল জায়ান্ট স্ক্রিনে।
ভোটের প্রচারে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দৃশ্যত নেই তবুও ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম ভোটের প্রচারে ছাড় দিচ্ছেন না। সঙ্গীরা বলছেন, ভোটারের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য কেন্দ্রে উপস্থিতি বাড়ানো।
পুরান ঢাকার চারটি থানা নিয়ে গঠিত আসনটি নিয়ে উৎসাহী মানুষের দৃষ্টি থাকে বরাবরই। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের ভোটে নৌকার নতুন প্রার্থীকে নিয়েও চর্চার শেষ নেই। এই আসনের বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বড় ছেলে- এই পরিচয়টি তাকে নিয়ে বাড়তি আগ্রহের কারণ।
বিএনপির হাত ধরে রাজনীতিতে আসা হাজী সেলিম ১৯৯৬ সালে নৌকা নিয়ে লড়ে আসনটি নিজের করে নেন। এরপর জেতেন আরও দুইবার। এর মধ্যে একবার স্বতন্ত্র হিসেবে তিনি হারান নৌকার প্রার্থীকেই। তবে ভোটের কয়েক বছর পর আবার ফেরেন আওয়ামী লীগেই।
এবারও সেলিম নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দুর্নীতির মামলায় সাজার কারণে মনোনয়ন টেকে কি না, এ নিয়ে সংশয় ছিল শুরু থেকেই। আর দলীয় মনোনয়ন ফরম কেনার সময় দুই ছেলের নামেও দুটি নেন তিনি। শেষ পর্যন্ত বড় ছেলে সোলায়মানকে নৌকা দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।