পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করায় ব্যারিস্টার সুমনকে শোকজ 

নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করায় হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল তাকে এ নোটিশ দিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, আব্দুল হাই প্রিন্স নামে এক ব্যক্তি নিজেকে নৌকা প্রতীকের কর্মী-সমর্থক দাবি করে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট একটি অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে নমুনা পোস্টার সংযুক্ত রয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা মোতাবেক প্রার্থীর ব্যানার ও পোস্টারে নিজের ছবি, প্রতীক ও দলীয় প্রার্থী হলে দলের প্রধানের ছবি থাকতে পারবে। এর বাইরে আর কারও ছবি ব্যবহার করা যাবে না। কিন্তু আপনি পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে বিধি লঙ্ঘন করেছেন। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মঙ্গলবারের মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিতভাবে নিজে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে হবে।