২০ চালে গ্র্যান্ডমাস্টার রিফাতকে হারিয়ে চমক মাহাথিরের

দেশের দাবা অঙ্গনের খোঁজখবর যারা রাখেন তাদের কারোরই মোর্তুজা মাহাথির ইসলামের নাম জানার কথা না। সদ্য এইচএসসি শেষ করা এক সৌখিন দাবাড়ু তিনি। উচ্চশিক্ষার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়া মাথাথিরের স্বপ্ন। আবেদনও করেছেন। ফল পেতে সময় লাগবে আরও কিছুদিন। অপেক্ষা আর উৎকণ্ঠার চাপ থেকে মুক্তি পেতে নাম লেখান ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায়। সেখানে বাংলাদেশের তৃতীয় গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে মাত্র ২০ চালে হারিয়ে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন মাথাথির।

প্রতিযোগিতায় মাহাথিরের বিপক্ষে মাত্র ২০ চালের পর গ্র্যান্ডমাস্টার রিফাত খেলা ছেড়ে দেন। রিফাত চেয়েছিলেন মাহাথিরকে আউট প্লে করতে। হঠাৎ একটা ভুল করে বসেন। সেই সুযোগ লুফে নেন মাহাথির। তাতে রিফাত নিজেই আউট প্লে হয়ে যান। নিশ্চিত হার দেখে ২০ চাল পর ইস্তফা দেন খেলা থেকে।

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বেশ উচ্ছ্বসিত মাহাথির। জানান, 'সত্যি বলতে অনুভূতি প্রকাশ করার মতো নয়। কোনো গ্র্যান্ডমাস্টারকে হারাব এটা ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্ন সত্যি হয়েছে। তবে আমি যতটা না খুশি এর চেয়ে আমার মা বেশি খুশি হয়েছে।’

চার বছর ধরে অনিয়মিতভাবে রেটিং টুর্নামেন্ট খেলছেন মাহাথির। ঢাকা কর অঞ্চল-৬ এর ট্যাক্স ক্যাডার বাবা ছেলের খেলায় পূর্ণ সহযোগিতা করেন। বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের শিষ্য মাহাথির। মাহাথীরকে বেশ মেধাবী দাবাড়ু আখ্যায়িত করে তিনি বলেন, 'সে একাডেমিক ছাত্র হিসেবে যেমন একনিষ্ঠ তেমনি দাবাড়ু হিসেবেও। দাবা সিরিয়াসলি নিলে সে অবশ্যই অনেক বড় খেলোয়াড় হতে পারবে।’