ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে মেতে উঠেছিল কলকাতা। রবিবার রাত থেকেই উৎসাহী মানুষের ভিড় ছিল শহরের বিভিন্ন প্রান্তে। পায়ে হেঁটে যেমন মানুষ ঘুরেছেন, তেমনই শহরের রাস্তায় ছিল মোটরসাইকেল আরোহীরা। প্রাইভেটকারের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আর ছিল নিয়ম ভাঙার হিড়িক।
এদিন কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন, কেউ আবার বেপরোয়া গতিতে ছুটছিলেন মোটরসাইকেল নিয়ে। এমন সব অভিযোগে এক রাতেই ৪৫৭ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আর এর মাধ্যমে ট্রাফিক আইন ভাঙার রেকর্ড গড়ল ভারতের বিখ্যাত শহরটি।
কলকাতা পুলিশ জানিয়েছে, নববর্ষের রাতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট এক হাজার ৫৭০টি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৪৫৭ জন। মদ খেয়ে গাড়ি চালানো, হেলমেট না পরা, দুর্ব্যবহার— এইসব অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাদের। তবে কোনো গাড়ি বা মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়নি।