মাগুরা মহম্মদপুর উপজেলার পানিঘাটা মধ্যপাড়া গ্রামে ডাব খাওয়ানোর কথা বলে সবুজ মোল্যা ও হৃদয় মোল্যা নামের দুই ভাইকে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে তাদের গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত আসিফ, আশিকুর রহমান আশিক ও বিপ্লব নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।
কলিমুল্লাহ জানান, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আশিক হত্যার ঘটনা স্বীকার করে বলে, গত শনিবার রাত ৯ টার দিকে সে ডাব খাওয়ানোর কথা বলে সবুজ ও হৃদয়কে বাড়ি থেকে ডেকে নেয়। পরে স্থানীয় ঢোকচান্দের মাঠে পূর্ব বিরোধের জেরে তাদের গলা কেটে হত্যা করে। হত্যাকান্ডে আশিক ছাড়াও পেশাদার খুনি চক্রের একাধিক সদস্য অংশ নেয়। পুলিশ তদন্তের স্বার্থে অন্যদের নাম বলতে রাজি হয়নি । এ ঘটনায় নিহতদের ভাই কামাল মোল্যা মহম্মদপুর থানায় মামলা করেছেন।