নিজেরা অপকর্ম করে অন্যের ঘাড়ে চাপায় : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বিএনপি নিয়ে ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক, নিন্দনীয় এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাষ্ট্রযন্ত্রের সমর্থনে আওয়ামী লীগের যে চিরন্তন বৈশিষ্ট্য সেখানে নিজেরা অপকর্ম করে অন্যের ঘাড়ে তার দায় চাপানোর রাজনীতি তারা সেটার আবারও পুনরাবৃত্তি করার চক্রান্ত করছে।’

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, ‘বাংলাদেশে কারা সন্ত্রাসী কায়দায় সব দল বন্ধ করে, সব সংবাদপত্র বন্ধ করে কথা বলার স্বাধীনতাকে স্তব্ধ করে বাকশাল করেছিল তা দেশের জনগণ জানে। গুম, গুপ্ত হত্যা ও সন্ত্রাসী কর্মকা-ের ঐতিহ্য আওয়ামী লীগের। বিএনপি এদেশের গণতন্ত্র ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। যারা গুপ্ত হত্যা ও সন্ত্রাসের রাজনীতি করে তাদের মুখেই গুপ্ত হত্যার কথা মানায়। সে জন্যই ওবায়দুল কাদের হয়তো অবলীলায় তাদের নীলনকশার অংশ হিসেবে গুপ্ত হত্যার বিষয়ে আগাম পরিকল্পনাটি বলে ফেলেছেন। তা না হলে তিনি কী করে জানলেন যে, বিএনপি গুপ্ত হত্যা ঘটাবে?’

সম্প্রতি এক নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে বলেছেন, ‘আমরা খবর পাচ্ছি-নির্বাচনকে ঘিরে সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুপ্ত হত্যার দিকে যাবে।’ ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় উৎকণ্ঠা ও উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি পাঠান।