নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে। গতকাল সোমবার বিকেলে নির্বাচন ভবনে ওই বৈঠক হয়।

তবে প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধিদলের কেউ গণমাধ্যমে কথা বলেননি।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের নিরাপত্তা ও নির্বাচনী মালামাল কীভাবে কেন্দ্রে পৌঁছাচ্ছে এ বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধিদল।

গতকাল সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচনী পর্যবেক্ষক দল আইআরআই ও এনডিআইর পাঁচ সদস্যের সঙ্গে বৈঠক হয় ইসির। বৈঠকে এ বিষয়ে জানতে চেয়েছে দুই প্রতিনিধিদল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত থাকা আইআরআই ও এনডিআইর সদস্যরা হলেন মিসেস নাতাশা রথচাইল্ড, ইভো পেন্টচেভ, মারিয়াম তাবাতাদজে, ক্রিস্পিন কাহেরু এবং নিনাদ মারিনোভিক।