হবিগঞ্জে নির্বাচন থেকে সরলেন জাপা ও স্বতন্ত্র প্রার্থী

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জে দুটি আসনে দুজন প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা হলেন হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং আজমিরিগঞ্জ) জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শংকর পাল এবং হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ। গতকাল সোমবার তারা সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশের অভাব রয়েছে। আছে ক্ষমতাসীনদের পেশিশক্তির প্রভাব। প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও তার গড়া জাতীয় পার্টিকে ভালবাসি বলে এখনো দল করি। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ‘আওয়ামী লীগের সমর্থিত’ পোস্টার ছাপিয়ে ভোট চাওয়ার লোক আমি নই।

এদিকে গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন হবিগঞ্জ-২-এর স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ শাহেদ। কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতা, বড় ভাইয়ের মেয়ে, এক ভাই ও মামা মৃত্যুবরণ করায় তিনি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা বলেন।