মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট মামুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নৌকার প্রার্থীকে ফুলের তৈরি নৌকা দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. ফরহাদ হোসেন।
ফুল দিয়ে বরণকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরহাদ হোসেন নৌকার প্রার্থী মামুন অর রশিদকে বলেন, ‘নৌকার বিজয় এনে নৌকা সঠিকভাবে পরিচালনা করবেন বলে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার আশা করি।’ মতবিনিময় সভায় বক্তব্য দেন, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু, ছাত্রলীগের সভাপতি মানিক শীল, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মাহফুজুর রহমান, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।