গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুড়েছে নৌকার সমর্থকরা বলে অভিযোগ পাওয়া গেছে। গুলির ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী আহত হয়েছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
গতকাল সোমবার রাত পৌনে ৯ টার দিকে মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় মীম ইলেনট্রনিক্স শো রুমে এ গুলির ঘটনা ঘটে। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি অভিযোগ করে বলেন নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির কমীর্রা এ ঘটনা ঘটিয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।
ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও গুলির মাথা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে সলিং মোড় এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে। কালিয়াকৈর সার্কেলের এএসপি আজমীর হোসেন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকতা শামীমা ইয়ামিন ও শ্রীপুর থানার ওসি শাহ জামান ঘটনাস্থলে ছুটে আসেন।
নৌকা প্রার্থীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী শফিকুল ইসলাম দুলু। তিনি অভিযোগ করেন নৌকার কর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে মিছিল থেকে এ গুলি ছুড়েছে।
তবে নৌকার কর্মীরা এ গুলির ঘটনায় জড়িত না বলে দাবি করেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন।
শ্রীপুর মডেল থানার ওসি শাহ জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজন আহত আছে। তিনি বলেন এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।